Achira News Logo
Achira News

অনূর্ধ্ব-19 বিশ্বকাপে পাকিস্তানকে 58 রানে হারাল ভারত

Uttarbanga Sambad
অনূর্ধ্ব-19 বিশ্বকাপে পাকিস্তানকে 58 রানে হারাল ভারত
Full News
Share:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটালডেস্ক:চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে আরও এক দাপুটে জয়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স(U19 World Cup 2026)লড়াইয়ে পাকিস্তানকে ৫৮ রানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল ভারত। টসের পর দুই অধিনায়কের হাত না মেলানো থেকে শুরু করে টানটান উত্তেজনার ম্যাচে শেষ হাসি হাসল পাঁচবারের চ্যাম্পিয়নরাই। আগামী ৪ ফেব্রুয়ারি সেমিফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাক অধিনায়ক ফারহান ইউসাফ। ভারতের শুরুটা কিন্তু সুখকর ছিল না। ৪৭ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে যায় ভারতীয় শিবির। অধিনায়ক আয়ুষ মাত্রে শূন্য রানে ফেরেন, ব্যর্থ হন অ্যারন জর্জ (১৬) ও বৈভব সূর্যবংশীও (৩০)। এই কঠিন পরিস্থিতিতে ঢাল হয়ে দাঁড়ান বেদান্ত ত্রিবেদী। একদিক আগলে রেখে ৯৮ বলে ধৈর্যশীল ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। বেদান্তের সঙ্গে বিহান মলহোত্র (২১) ও অভিজ্ঞান কুন্ডুর (১৬) ছোট ছোট জুটি ভারতকে ম্যাচে ফেরায়। শেষ দিকে আরএস অম্বরীশ (২৯), কণিষ্ক চৌহান (৩৫) ও খিলান পটেলের (২১) কার্যকর ব্যাটিং ভারতকে ২৫২ রানের সম্মানজনক স্কোরে পৌঁছে দেয়। পাকিস্তানের আব্দুল সুভান ৩৩ রানে ৩ উইকেট নেন। সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানকে কেবল জিতলেই হতো না, ভারতের ২৫২ রান টপকাতে হতো মাত্র ৩৩.৩ ওভারের মধ্যে। কিন্তু লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের ব্যাটিংয়ে সেই জেদ দেখা যায়নি। ওপেনার হামজা জ়াহুর (৪২) এবং উসমান খান (৬৬) দলের হাল ধরলেও রান তোলার গতি ছিল অত্যন্ত মন্থর। অধিনায়ক ইউসাফ ৩৯ বলে ৩৮ রান করেন। পাক ব্যাটারদের রক্ষণাত্মক মেজাজ দেখে মনে হচ্ছিল, তারা সেমিফাইনালে ওঠার চেয়ে ভারতকে হারানোকেই বেশি গুরুত্ব দিচ্ছে। কিন্তু ভারতীয় বোলারদের আঁটোসাাঁটো বোলিংয়ে সেই আশাও পূর্ণ হয়নি। ৪৬.২ ওভারে ১৯৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে জ্বলে ওঠেন ভারত অধিনায়ক আয়ুষ মাত্রে। মাত্র ২১ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন খিলান পটেল, যিনি ৩৫ রানে ৩ উইকেট দখল করেন। এছাড়া অম্বরীশ, হেনিল পটেল ও কণিষ্ক ১টি করে উইকেট পান। সুপার সিক্স গ্রুপ-টু-এর শীর্ষে থেকে সেমিফাইনালে উঠল ভারত। ইংল্যান্ডের সঙ্গে পয়েন্ট সমান হলেও নেট রান রেটের বিচারে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে জায়গা করে নিল। অন্যদিকে, গ্রুপ থেকেই বিদায় নিল পাকিস্তান। ভারতের এই দাপুটে পারফরম্যান্স বিশ্বকাপের ষষ্ঠ খেতাব জয়ের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলল।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

অনূর্ধ্ব-19 বিশ্বকাপে পাকিস্তানকে 58 রানে হারাল ভারত | Achira News