আইএসএলে আজ ফের একবার মাঠে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ মুম্বাই সিটি এফসি। মূলত, লিগ টেবিলে শীর্ষে ওঠার লড়াইয়ে এই ম্যাচ দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। প্রথম চার ম্যাচে দুরন্ত জয় তুলে নেওয়ার পর মরসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে গোলশুন্য ড্র করেছে সবুজ-মেরুন ব্রিগেড। তা স্বতেও, পয়েন্ট তালিকায় এখনও নিজেদের শীর্ষস্থান বজায় রেখেছে লোবেরো’র দল। অন্যদিকে, শেষ ম্যাচে ইন্টার কাশীর বিপক্ষে দুরন্ত জয় তুলে নিয়েছে মুম্বাই সিটি এফসি। যারফলে স্বাভাবিকভাবেই এই ম্যাচে নামার আগে কিছুটা হলেও আত্মবিশ্বাসী তারা। তার উপর ঘরের মাঠে মোহনবাগানকে হারাতে পারলেই লিগ শীর্ষে উঠে আসবে পিটার ক্র্যাটকির দল। যা এই ম্যাচের আগে নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে তাদের। তবে, বিষয়টি নিয়ে বিশেষ ভাবতে রাজি নন মোহনবাগান কোচ সার্জিও লোবেরো। ম্যাচের আগেরদিন তাঁর স্পষ্ট জবাব, ফিফা বিরতির আগে এই ম্যাচে জয় তুলে নিয়ে দলের শীর্ষস্থান আরও মজবুত করতে চান তিনি। আগের ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে পয়েন্ট নষ্ট করায় বেশ হতাশ বাগান কোচ। জানালেন, ম্যাচটা তাঁদের জেতা উচিত ছিল। খেলার শুরু থেকে দাপট বজায় রেখেও জিততে না পারায় কিছুটা হলেও আক্ষেপ রয়েছে লোবেরো’র। যদিও, আপাতত সেসব ভুলে মুম্বাই ম্যাচে ফোকাস করতে চান তিনি। চলতি আইএসএলে মুম্বাই অন্যতম শক্তিশালী দল। মোহনবাগানের মতো এবারের লিগে তারাও এখনও অপরাজিত রয়েছে। ফলে, এই ম্যাচে একটা তুল্যমূল্য লড়াই হতে চলেছে বলে মনে করছেন সবুজ-মেরুন কোচ। তবে, মুম্বাইকে সমীহ করলেও এই ম্যাচে জয় ছাড়া অন্যকিছু ভাবতে চান না তিনি। লোবেরো’র স্পষ্ট জবাব, তিন পয়েন্ট পাওয়ার জন্যই একটা ম্যাচ খেলা হয়। কিন্তু যখন ম্যাচ ড্র হয়, তখন দু’পয়েন্ট নষ্ট হয়। সেই ভুল কোনওভাবেই আজ ফের একবার করতে চান না বাগান কোচ। পাশাপাশি, এই ধরণের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলতে যে তিনি ভালোবাসেন, সেকথাও এদিন জানাতে ভুললেন না লোবেরো। এদিকে, মুম্বইকে সমীহ করলেও তাদের বাড়তি গুরুত্ব দিতে রাজি নন তিনি। বরং, পিটার ক্র্যাটকির দলের বিরুদ্ধে নিজেদের ভারসাম্য রাখা ঠিক রাখাই তাঁর একমাত্র লক্ষ্য। এই প্রসঙ্গে বলা যায়, মোহনবাগানের আক্রমণভাগ টুর্নামেন্টের অন্যতম সেরা। তাই, জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্ৰাতোসদের আটকাতে প্রায় প্রতি ম্যাচেই প্রতিপক্ষ দল রক্ষণে লোক বাড়িয়ে খেলছে। ফলে, একাধিক সুযোগ তৈরী করলেও বারবার গোলমুখে এসে আটকে যাচ্ছে বাগানের স্ট্রাইকাররা। বেঙ্গালুরুর বিপক্ষে শেষ ম্যাচেও সে কারণেই জয় হাতছাড়া হয়েছে তাদের। যা নজর এড়ায়নি কোচ লোবেরো’র। আর সেজন্য যে মুম্বইয়ের বিপক্ষে তাঁর আলাদা পরিকল্পনা রয়েছে তাও এদিন জানিয়ে দেন তিনি। তবে, এই ম্যাচের আগে বাগান কোচকে স্বস্তি দিচ্ছে স্ট্রাইকার রবসন রবিনহো এবং ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজের সুস্থ হয়ে ওঠা। এই ম্যাচে নামার জন্য এই দুই ফুটবলারই ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট। আর তাই আগের ম্যাচের ব্যর্থতা ভুলে নিজের প্রাক্তন দলের বিপক্ষে জয় তুলে নিয়ে ফিফা বিরতির আগে লিগ টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করতে চাইছেন মোহনবাগান কোচ লোবেরো।
আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগান ও মুম্বাই সিটি এফসি মুখোমুখি
Dainik Statesman•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Dainik Statesman
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.