আমেরিকার সঙ্গে আলোচনার জন্য তৈরি ইরান। তবে সমঝোতা হতে হবে ন্যায্য এবং নিরপেক্ষ। মঙ্গলবার তা স্পষ্ট করে দিল তেহরান। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচিকে ইতিমধ্যে এই মর্মে নির্দেশ দিয়ে দিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামনেইয়ের বিরুদ্ধে সাম্প্রতিক গণবিক্ষোভে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা নিয়ে গত এক মাসে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কূটনৈতিক উত্তেজনা ফের বৃদ্ধি পেয়েছে। ইরানের উপর ধারাবাহিক ভাবে চাপ দিয়ে যাচ্ছেন ট্রাম্প। আমেরিকা ইরানে হামলা করতে পারে, এমন আশঙ্কাও তৈরি হয়েছে। এরই মধ্যে ইরানের প্রেসিডেন্টের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অনেকেই দাবি করছেন, সাম্প্রতিক উত্তেজনার পরিস্থিতিতে এই প্রথম বার আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে চেয়ে এতটা স্পষ্ট ইঙ্গিত দিল ইরান। মঙ্গলবার এক্স হ্যান্ডলে ইংরেজি এবং ফারসি ভাষায় পোস্ট করেন পেজ়েশকিয়ান। তাঁর বক্তব্য, ট্রাম্পের তরফে আলোচনার প্রস্তাব আসার পরে এবং পশ্চিম এশিয়ার বন্ধুরাষ্ট্রগুলির অনুরোধের পরে ইরান এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি লেখেন, “আলোচনা ন্যায্য এবং পক্ষপাতহীন হলে, সেই পথে এগোনো যেতে পারে বলে আমি বিদেশমন্ত্রীকে নির্দেশ দিয়েছি। তবে উপযুক্ত পরিবেশ থাকতে হবে, যেখানে আমাদের উপর কোনও হুমকি দেওয়া হবে না। আমাদের কাছ থেকে অযৌক্তিক কোনও প্রত্যাশা থাকবে না। আলোচনা হতে হবে পারস্পরিক মর্যাদা, বিচক্ষণতা এবং যথাযথ নীতির ভিত্তিতে।” ঘটনাচক্রে, রবিবারই আমেরিকাকে সতর্ক করে খামেনেই বলেছেন, ইরানের উপর হামলা করলে আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত হবে। ওই মন্তব্যের পাল্টা দিয়েছেন ট্রাম্পও। তিনি জানান, ইরানের বর্তমান পরিস্থিতিতে খামেনেইয়ের এই বক্তব্য প্রত্যাশিতই ছিল। তা সত্ত্বেও তিনি আশাবাদী যে তেহরানের সঙ্গে সমঝোতা হবে ওয়াশিংটনের। একই সঙ্গে তিনি এ-ও হুঁশিয়ারি দেন যে শেষ পর্যন্ত ইরান কোনও রকম চুক্তিতে পৌঁছোতে না পারলে, তার জন্যও তৈরি রয়েছে আমেরিকা।
ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক ইরানের ইঙ্গিত
Ananda Bazar•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ananda Bazar
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.