Achira News Logo
Achira News

কলকাতা অটো-রিকশা এলপিজির দাম এক সপ্তাহের মধ্যে 13 টাকা বেড়েছে

EI Samay
কলকাতা অটো-রিকশা এলপিজির দাম এক সপ্তাহের মধ্যে 13 টাকা বেড়েছে
Full News
Share:

এই সময়:সাত দিন যেতে পারল না, তার মধ্যে ফের বাড়ল কলকাতায় অটোরিকশার এলপিজি–র দাম। বৃহস্পতিবার রাতের সরকারি ঘোষণা অনুযায়ী, আজ, শুক্রবার থেকে অটোরিকশার এলপিজির লিটার প্রতি দাম ৮ টাকা বেড়ে হচ্ছে ৭০ টাকা ৬৮ পয়সা। সাত দিন আগে, ১২ মার্চ ওই অটোরিকশার এলপিজি–র দাম কলকাতায় লিটার প্রতি ৫৭ টাকা ৬৮ পয়সা থেকে ৫ টাকা বেড়ে হয় ৬২ টাকা ৬৮ পয়সা। অর্থাৎ, এক সপ্তাহের মধ্যে অটোরিকশার এলপিজি–র দাম কলকাতায় ১৩ টাকা বাড়ল। সে ক্ষেত্রে যে সব রুটের অটোরিকশার ভাড়া ১২ তারিখের পরেও বাড়েনি, সে সব রুটে আজ বা কাল থেকে ভাড়া বাড়বে বলে ধরে নেওয়া হচ্ছে। তার উপর অটোরিকশার এলপিজি নিতে পাম্পগুলিতে পড়ছে দীর্ঘ লাইন। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে এলপিজি নিয়ে পথের মতো গৃহস্থের হেঁশেলেও স্বস্তি নেই। কেন্দ্রীয় সরকার যা–ই দাবি করুক, গৃহস্থের ঘরে রান্নার গ্যাসের সিলিন্ডার সরবরাহে এখনও যথেষ্ট ঘাটতি রয়েছে বলে কলকাতা ও শহরতলির এলপিজি ডিস্ট্রিবিউটররা জানিয়েছেন।কেন্দ্রের তরফে এর জন্য মূলত দায়ী করা হচ্ছে প্যানিক বুকিংকে অর্থাৎ প্রয়োজন না–থাকলেও সাধারণ মানুষের একাংশের আতঙ্কগ্রস্ত হয়ে এলপিজি বুক করাকে। সমস্যার অন্যতম কারণ হিসেবে প্যানিক বুকিংকে মেনে নিলেও সমস্যার জন্য শুধুই ওই ফ্যাক্টরের দিকে আঙুল তুলতে নারাজ কলকাতা ও লাগোয়া এলাকায় তিনটি রাষ্ট্রায়ত্ত সংস্থার এলপিজি সরবরাহ করা ডিস্ট্রিবিউটররা।গৃহস্থালির ওই এলপিজি সিলিন্ডার সরবরাহকদের বক্তব্য, আগে যেখানে গড়ে দিনে ৫০০টি সিলিন্ডার বুকিং হতো, এখন সেই জায়গায় দিনে ১০০০–১২০০ সিলিন্ডার বুকিং হচ্ছে। অথচ বাড়তি সিলিন্ডার পাওয়া দূরের কথা, আগের যে রোজকার চাহিদা, সেই ৫০০ সিলিন্ডারের ৩০ শতাংশ সরবরাহই কমে গিয়েছে। স্বভাবতই, এলপিজি সিলিন্ডারের চাহিদা ও সরবরাহে একেবারেই ভারসাম্য নেই। ডিস্ট্রিবিউটরদের বক্তব্য, ১ মার্চের আগে অনলাইনে গ্যাস বুকিংয়ের পরে ডেলিভারি অথেন্টিকেশন কোড (ডিএসি) জেনারেটেড হলেই গ্রাহকরা দু’দিনের মধ্যে বাড়িতে সিলিন্ডার পেতেন। সেখানে এখন ডিএসি জেনারেট হওয়ার পরে গ্রাহকদের বাড়িতে সিলিন্ডার পৌঁছতে লেগে যাচ্ছে ৮–১০ দিন।কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে অবশ্য দাবি করা হয়েছে, গৃহস্থালির অর্থাৎ ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার সরবরাহে সে রকম কোনও ঘাটতি নেই। কিন্তু অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটর ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট বিজন বিশ্বাসের বক্তব্য, ‘কেন্দ্রীয় সরকার একদিকে দাবি করছে যে, গ্যাস সরবরাহে কোনও ঘাটতি নেই। অথচ তারাই বিকল্প জ্বালানি হিসেবে পিএনজি (পাইপ্‌ড ন্যাচারাল গ্যাস) এবং ইনডাকশন কুকটপের মতো বিভিন্ন বৈদ্যুতিক উনুন ব্যবহার করতে বলে প্রচার চালাচ্ছে। যদি সব কিছু ঠিকই থাকে, তা হলে এই বিকল্প ব্যবস্থার কথা বলা হচ্ছে কেন?’ তাঁর দাবি, আসলে আমাদের দেশে পিএনজি আমদানি করে একটি মাত্র সংস্থা। সম্ভবত সেই সংস্থার কথা ভেবেই কেন্দ্রীয় সরকার পিএনজি ব্যবহার করার উপর জোর দিচ্ছে।’ শহরতলির এলপিজি ডিলারদের দাবি, এখন শহরাঞ্চলে একবার সিলিন্ডার পাওয়ার ২৫ দি‍ন পরে গ্যাস বুক করা যাচ্ছে। ডিএসি জেনারেটেড হওয়ার ১০ দিন পরে সাধারণ মানুষের ঘরে সিলিন্ডার পৌঁছচ্ছে। সব মিলিয়ে, সময় লাগছে ৩৫ দিন।কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, এখনও দিনে ৭০ হাজার প্যানিক বুকিং হচ্ছে। এলপিজি সিলিন্ডারের বেআইনি মজুতদারি ও কালোবাজারি রুখতে রাজ্য সরকারগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছে কেন্দ্র। এ ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে ১২ হাজারের বেশি তল্লাশি অভিযান চালানো হয়েছে। তাতে ১৬ হাজারের বেশি এলপিজি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: EI Samay

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

কলকাতা অটো-রিকশা এলপিজির দাম এক সপ্তাহের মধ্যে 13 টাকা বেড়েছে | Achira News