Achira News Logo
Achira News

পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের ঘোষণাঃ বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্মানিত

AajKaal News
পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের ঘোষণাঃ বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্মানিত
Full News
Share:

আজকাল ওয়েবডেস্ক:প্রজাতন্ত্র দিবসের আগের দিন পদ্মশ্রী প্রাপ্তদের তালিকা ঘোষণা করা হল কেন্দ্রের তরফে। মোট ১১৫ জন এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন। তাছাড়াও ১৩ জন পাচ্ছেন পদ্মভূষণ এবং এবং ৫ জনকে পদ্মবিভূষণ সম্মান দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখযোগ্য বিষয়, এবার পদ্মশ্রী প্রাপকদের তালিকায় বাংলা থেকে রয়েছে মোট ১১ জন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হচ্ছে তাঁকে। প্রসেনজিৎ বাংলা চলচ্চিত্র ও বিনোদন জগতের এক উজ্জ্বল নাম। চার দশকেরও বেশি সময় ধরে তিনি অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করে চলেছেন। শিশুশিল্পী হিসাবে তাঁর অভিনয়জীবন শুরু হলেও নয়ের দশকে নায়ক হিসাবে আত্মপ্রকাশের পরই তিনি টালিগঞ্জের বাণিজ্যিক ছবির মুখ হয়ে ওঠেন। রোমান্টিক, অ্যাকশন, পারিবারিক ছবি থেকে শুরু করে সামাজিক ও চরিত্রনির্ভর নানা ধারার ছবিতে সমান স্বচ্ছন্দে অভিনয় করে তিনি নিজেকে প্রমাণ করেছেন। ‘অমর সঙ্গী’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘প্রতিবাদ’ ‘উৎসব’, ‘চোখের বালি’, ‘দোসর’ ‘মনের মানুষ’, ‘জাতিস্মর’ -এর মতো ছবিতে তাঁর অভিনয় বাংলা সিনেমার ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। বিশেষ করে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে তাঁর কাজ বাংলা ছবিকে এক নতুন দিশা দেখিয়েছে। বাণিজ্যিক নায়ক থেকে সংবেদনশীল অভিনেতায় রূপান্তর তাঁর কেরিয়ারের অন্যতম বড় সাফল্য। প্রসেনজিৎ ছাড়াও বাংলা থেকে সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে এই সম্মান পাচ্ছেন শ্রী অশোক কুমার হালদার, শ্রী গম্ভীর সিং ইয়োনজোনে, শ্রী মহেন্দ্র নাথ রায় এবং শ্রী রবিলাল টুডু। শিল্পকলার ক্ষেত্রে পদ্মশ্রী পাচ্ছেন শ্রী হরি মাধব মুখোপাধ্যায় (মরণোত্তর), শ্রী জ্যোতিষ দেবনাথ, শ্রী কুমার বসু, শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রী তরুণ ভট্টাচার্য এবং শ্রীমতী তৃপ্তি মুখোপাধ্যায়। চিকিৎসাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই সম্মানে ভূষিত হচ্ছেন শ্রী সরোজ মণ্ডল। বিভিন্ন শাখায় তাঁদের দীর্ঘদিনের কাজ ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই এই পদ্মশ্রী প্রদান করা হচ্ছে। বাংলা থেকে কারা পদ্মশ্রী পাচ্ছেন দেখে নিন একনজরে: অশোক কুমার হালদার — সাহিত্য এবং শিক্ষা গম্ভীর সিং ইয়েনজোন — সাহিত্য এবং শিক্ষা হরিমাধব মুখোপাধ্যায় (মরণোত্তর) — শিল্পকলা জ্যোতিষ দেবনাথ — শিল্পকলা কুমার বসু — শিল্পকলা (তবলা) মহেন্দ্রনাথ রায় — সাহিত্য ও শিক্ষা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় — শিল্পকলা (চলচ্চিত্র) তৃপ্তি মুখোপাধ্যায় — শিল্পকলা তরুণ ভট্টাচার্য — শিল্পকলা রবিলাল টুডু — সাহিত্য ও শিক্ষা সরোজ মণ্ডল — মেডিসিন

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: AajKaal News

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের ঘোষণাঃ বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্মানিত | Achira News