Achira News Logo
Achira News

পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনের প্রতিবাদ করায় পরিদর্শককে মারধর

AajKaal News
পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনের প্রতিবাদ করায় পরিদর্শককে মারধর
Full News
Share:

আজকাল ওয়েবডেস্ক:মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের প্রতিবাদ করায় স্কুল পরিদর্শককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের জামালপুরে। যে ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরীক্ষা চলাকালীন পর্ষদের নিয়ম ভেঙে শিক্ষক ও শিক্ষাকর্মীদের মোবাইল ফোন ব্যবহারের প্রতিবাদ করায় স্কুল পরিদর্শককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর আহত হয়ে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি রয়েছেন জামালপুর পূর্ব চক্রের স্কুল পরিদর্শক (এসআই) প্রশান্ত কবিরাজ। ঘটনাটি ঘটেছে জামালপুরের আঝাপুর উচ্চ বিদ্যালয়ে। স্কুল সূত্রে জানা যায়, মাধ্যমিক পরীক্ষা পরিদর্শনে ওই বিদ্যালয়ে যান এসআই প্রশান্ত কবিরাজ। সেই সময় তাঁর উপস্থিতিতেই স্কুলের স্ট্রং-রুমে এক গ্রুপ সি কর্মীর মোবাইল ফোন বেজে ওঠে। সঙ্গে সঙ্গে তিনি ওই মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেন এবং নিয়ম মেনে অন্যান্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের তল্লাশি নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। অভিযোগ, এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কয়েকজন শিক্ষক ও শিক্ষাকর্মী বাজেয়াপ্ত মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং এসআই প্রশান্ত কবিরাজকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। এমনকী তাঁকে একটি ঘরে আটকে রাখাও হয় বলে অভিযোগ। খবর পেয়ে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত স্কুল পরিদর্শককে উদ্ধার করে এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে শুক্রবার আঝাপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যান্য স্কুলের শিক্ষকরা আঝাপুরে মেমারি-তারকেশ্বর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। দীর্ঘক্ষণ পথ অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়।ঘটনাকে কেন্দ্র করে গোটা শিক্ষা মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: AajKaal News

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনের প্রতিবাদ করায় পরিদর্শককে মারধর | Achira News