Achira News Logo
Achira News

প্রযুক্তি দৈনন্দিন জীবনে বৈপ্লবিক পরিবর্তন এনেছেঃ এআই এবং রোবোটিক্স নেতৃত্ব দিচ্ছে

AajKaal News
প্রযুক্তি দৈনন্দিন জীবনে বৈপ্লবিক পরিবর্তন এনেছেঃ এআই এবং রোবোটিক্স নেতৃত্ব দিচ্ছে
Full News
Share:

আজকাল ওয়েবডেস্কঃসে এক সময় ছিল, যখন মাথার উপর ঘুরন্ত পাখা কিংবা ফ্রিজ দেখেও বিস্ময়ের অন্ত ছিল না মানুষের। গ্যাজেটের সঙ্গে সেই প্রথম পরিচয়ের দিনগুলো এখন বোধহয় কল্পকথার সামিল। প্রযুক্তি এখন যেখানে এসে দাঁড়িয়েছে, তাতে রোজকার জীবনের সবটুকুকে আক্ষরিক অর্থেই হাতের মুঠোর ভিতরে এনে দিয়েছে হরেক রকম অত্যাধুনিক গ্যাজেট। আর তাতেও রোজই আসছে নিত্যনতুন বদল। আসছে আরও নতুন নতুন ভাবনাও। এ বছরের গোড়াতেই যেমন লাস ভেগাসে হয়ে যাওয়া কনজিউমার ইলেক্ট্রনিক্স শো ২০২৫-এ তাক লাগিয়ে দিয়েছে আরও একঝাঁক দুরন্ত ভাবনার ছোটবড় গ্যাজেটের ঘোষণা। দৈনন্দিন জীবনযাপনে যে সব গ্যাজেট আগামী কিছুদিন রাজত্ব করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, বলা বাহুল্য তাদের নেপথ্যে এক বড়সড় ভূমিকা নিয়েছে এআই, রোবোটিক্স-এর মতো প্রযুক্তি। যার কয়েকটা ইতিমধ্যেই এসে গিয়েছে বাজারে, বাকিরাও আসবে শিগগিরই। তাদের হাতে পেলে জীবন এবং যাপন দুটোই যে আরও খানিক বদলে যাবে, সেটুকু বলাই যায়। আসুন বরং জেনে নেওয়া যাক চমকে দেওয়া গ্যাজেটদের হালহদিশ। নেকোজিতা ফুফু- ঘুম ভেঙে এক কাপ ধোঁয়া ওঠা চা বা কফি-তে আলসে চুমুক না দিলে যেন দিনটাই ঠিকমতো শুরু হয় না! কিন্তু উঠতে দেরি হয়ে গেলে? তড়িঘড়ি অফিস ছোটার তাড়ায় কি সেই সুখটুকু বাদ দিতে পারেন, নাকি মন চায়? এখানেই মুশকিল আসান হয়ে উঠতে পারে এক কুট্টি বেড়াল। তবে জ্যান্ত নয়, রোবোট। ‘ইউকাই ইঞ্জিনিয়ারিং’-এর তৈরি এই ছোট্ট বেড়াল-রোবোট নেকোজিতা ফুফু একেবারে উঠে বসবে কাপের কিনারায়। তারপর আপনার হয়ে ফুঁ দিয়ে সেই হাওয়াতেই চুমুক দেওয়ার মতো ঠান্ডা করে দেবে ভিতরকার ফুটন্ত গরম তরলকে। তারপর? চা-কফিতে দিন শুরু হবেই হবে! ওমনিয়া- আয়নায় ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখতে কে না ভালবাসেন! সাজ কেমন হল, কেমন দেখাচ্ছে, কে বেশি সুন্দরী— সে সব তো আরশিই বলে এসেছে বরাবর। কিন্তু তার সঙ্গে যদি সে এবার বলে দেয় আপনার স্বাস্থ্যের খবরও? এআই প্রযুক্তির হাত ধরে এই ৩৬০ ডিগ্রি বডি মিরর শুধু আপনার সাজেই চোখ রাখবে, তা নয়। সেই সঙ্গেই জানিয়ে দেবে হার্ট, লাংস, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কে কেমন আছে। জানিয়ে দেবে আপনার ঘুম হচ্ছে কিনা, স্বাস্থ্যেরই বা কেমন হাল। মানে, যাকে বলে আপনার সবটুকু নজরে রাখা— এবার তারই ভার নেবে এই আয়না। রে-ব্যান মেটা স্মার্ট গ্লাসেস- চশমা ছিল আপনার ঝাপসা দৃষ্টির সঙ্গী। চশমা ছিল আপনার চোখদুটোকে রক্ষা করার চাবিকাঠি। সেই চশমাই যদি এবার দুনিয়া দেখার সুযোগ করে দেয় আরও ভাল করে? মেটা এআই-সংবলিত এই স্মার্ট গ্লাসেস কিন্তু ঠিক সে কাজটাই করবে। বাড়িয়ে দেবে আপনার দেখার পরিধি। এই চশমা চোখে শুধু চারপাশটা দেখা নয়, একইসঙ্গে করে ফেলুন অনুবাদের কাজ, চোখ রাখুন ইতিহাসে। কিংবা জেনে নিন আপনারই ফ্রিজে রাখা টুকিটাকি দিয়ে চটজলদি কোন রেসিপিটা বানিয়ে ফেলা যায়। ব্যাপারটা দারুণ না? কিরিন’স ইলেক্ট্রিক সল্ট স্পুন - রোজের পাতে নুন ছাড়া আপনার চলেই না। রান্নাতেও নুন দেওয়া চাই জম্পেশ করে। এদিকে ডাক্তারবাবু ভয় দেখাচ্ছেন যখন তখন। চোখ রাঙাচ্ছে বাড়ির লোকও। তা হলে ঠিক আপনারই কথা ভেবে তৈরি এই বিশেষ চামচ। সামান্য একটু বিদ্যুতের ব্যবহারে এই চামচই আপনার জিভে এনে দেবে নোনতা স্বাদ। ব্যস! রান্নায় কম নুন দিলেও দিব্যি ভাল লাগবে। দুপুর কিংবা রাতের পাতে আলাদা করে নুন নিয়ে বকুনিটাও খেতে হবে না। জাপানি ব্রুয়ার সংস্থা ‘কিরিন’-এর তৈরি এই চামচই আপনাকে অভ্যস্ত করে দেবে লো-সোডিয়াম ডায়েটে। নোনতা স্বাদও আছে, ঠিক যেমনটা চাই। এদিকে প্রেশার বাড়িয়ে ফেলার চিন্তা উধাও! স্পাইসার- নতুন সংসার করছেন। মা পইপই করে বলে দেওয়া সত্ত্বেও রান্নায় মশলাপাতি দিতে গিয়ে নাজেহাল দশা। এই গরম মশলা বেশি হয়ে যাচ্ছে, ওই কম ঢালছেন জিরেগুঁড়ো। আর হলুদ বেশি পড়ে যাওয়া তো লেগেই আছে! এখানেই কামাল করতে পারে স্পাইসার। এআই প্রযুক্তি নির্ভর এই মশলা রাখার কৌটো বা স্পাইস ডিসপেন্সার আপনার কথামতোই খেয়াল রাখবে কীসে কোন মশলা কতটা দিতে হবে। তারপর ঠিক ততটাই ঢেলে দেবে আপনার হাতে, চামচে বা বাটিতে, একেবারে ঠিকঠিক মাপে। আর তারপর? স্বাদের গুণেই আপনার রান্না চেটেপুটে খাবে বাড়ির লোক! টাইমকেটল ডব্লিউ৪ প্রো এআই ইন্টারপ্রেটার বাডস- অফিসের ভিনদেশি ক্লায়েন্টের সঙ্গে গুরুগম্ভীর মিটিং চলছে। নোটস নেওয়ার কথা, এদিকে ভাষাটাই যে বুঝতে পারছেন না ছাই! কিংবা হয়তো বিদেশে বেড়াতে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন এদিক সেদিক। গাইড সব দেখিয়েশুনিয়ে বোঝাচ্ছেন ঠিকই, তবে স্থানীয় ভাষায়। সবটাই বেরিয়ে যাচ্ছে মাথার কয়েক মাইল উপর দিয়ে! কুছ পরোয়া নেই। এআই প্রযুক্তির কারিকুরিতে এই বিশেষ ইয়ারবাডস হয়ে উঠতে পারে আপনার যোগ্য সঙ্গী। চলতে-ফিরতে যখন খুশি ভিনদেশি ভাষা নিমেষের মধ্যে অনুবাদ করে দেবে আপনার কানে। অনলাইন হোক বা অফলাইন, একেবারে রিয়েল টাইম কমিউনিকেশনের মাধ্যমেই চলবে অনুবাদ। এমনকি লম্বা মিটিংয়ের নোটসও সামারি আকারে শুনিয়ে দেবে ঝটিতি। বাকিটা তখন স্রেফ বাঁয়ে হাতকা খেল! মেটা কোয়েস্ট থ্রি- জিমে যাওয়াই হয়ে উঠছে না সময় করে। হলে গিয়ে সিনেমা দেখা, সে তো ভুলতেই বসেছেন। বাড়িতেই বরং তাদের এনে ফেলুন না! না না, যন্ত্রপাতি-বড়সড় সরঞ্জাম এনে মহাযজ্ঞের দরকার নেই। চাই শুধু এই ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট। ব্যস! ডিজিটাল দুনিয়া থেকে আস্ত জিম কিংবা মাল্টিপ্লেক্স অডিটোরিয়ামটাকেই নিয়ে আসুন না আপনার বেডরুমে। তারপরে আপনাকে আর পায় কে! জেনি- বাড়ির প্রবীণতম সদস্য এখন ডিমেনশিয়ার রোগী। কোনও কিছুই ঠিকমতো মনে রাখতে পারছেন না। যখনতখন ছোটবড় ভুল হয়ে যাচ্ছে। তাঁকে এই অসহায় অবস্থায় দেখে যেমন মনখারাপ হয়, তেমনই দুশ্চিন্তা লেগেই থাকে। এদিকে দু’দণ্ড যে তাঁকে বাড়তি সময় দেবেন, তারও উপায় কই! কিন্তু জানেন কি, ডিমেনশিয়ার রোগীদের একটু ভাল রাখতে পারে ইমোশনাল সাপোর্ট? এখানেই ভরসা হতে পারে জেনি। ‘টমবট’-এর তৈরি এই ছোট্ট রোবোট-কুকুরের চেহারা থেকে আচরণ সবটাই এক্কেবারে জ্যান্ত কুকুরছানার মতো। অথচ আসল পোষ্যের মতো দেখভালের ঝক্কি নেই। ডিমেনশিয়ার ধাক্কায় নড়বড়ে হয়ে পড়া মানুষটার সর্বক্ষণের সঙ্গী হয়ে তাঁকে ভাল রাখতেই পারে এই আদরকাড়া কুকুরছানা। কেউ কেউ বলেন, প্রযুক্তি আসলে মানুষকে কুঁড়ে করে দিচ্ছে। তবু এই ছুটন্ত জীবনে নিত্যনতুন কিছু গ্যাজেট যদি আপনার ভাল থাকার সঙ্গী হয়ে ওঠে, ক্ষতি কী? অন্যদের চেয়ে আপনার কি বেশি গরম লাগে? নেপথ্যে ৫ মারাত্মক রোগ নয় তো! সতর্ক না হলেই বড় বিপদে পড়বেন

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: AajKaal News

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

প্রযুক্তি দৈনন্দিন জীবনে বৈপ্লবিক পরিবর্তন এনেছেঃ এআই এবং রোবোটিক্স নেতৃত্ব দিচ্ছে | Achira News