উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:বিধানসভা নির্বাচনের (WB Assembly Election 2026) মুখে পশ্চিমবঙ্গে আমলা ও পুলিশ আধিকারিকদের দফায় দফায় অপসারণ এবং তাঁদের ভিনরাজ্যে পাঠানো নিয়ে এবার আইনি লড়াই শুরু হলো। নির্বাচন কমিশনের (Election Commission of India) এই সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta HC on Officer Transfer) মামলা দায়ের হলো। শুক্রবার এই বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ। মামলার প্রেক্ষাপট গত রবিবার মধ্যরাত থেকে রাজ্যে প্রশাসনিক রদবদল শুরু করে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনার—একের পর এক উচ্চপদস্থ আধিকারিককে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। জেলাস্তরেও একাধিক জেলাশাসক ও পুলিশ সুপারকে বদল করা হয়েছে। কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, অপসারিত এই আধিকারিকদের এ রাজ্যে নির্বাচনের কোনও কাজে ব্যবহার করা যাবে না। পরিবর্তে তাঁদের অনেককেই ভিনরাজ্যে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। আইনজীবীদের যুক্তি আদালতে মামলাকারীর পক্ষে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এভাবে রাজ্যের উচ্চপদস্থ আইএএস এবং আইপিএস আধিকারিকদের ইচ্ছামতো অন্য রাজ্যে পাঠানোর এক্তিয়ার নির্বাচন কমিশনের নেই। তিনি যুক্তি দেন: রাজ্যের শীর্ষ আধিকারিকদের ভিনরাজ্যে পাঠিয়ে দিলে পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একযোগে এত সংখ্যক আধিকারিককে সরিয়ে দেওয়ার ফলে প্রশাসনিক শূন্যতা তৈরি হচ্ছে। কমিশনের এই সিদ্ধান্তটি প্রশাসনিক পরিকাঠামোর ওপর হস্তক্ষেপের সামিল। তৃণমূলের আইনজীবী অর্ক নাগ এই বিষয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করতে চান। তাঁরা কমিশনের এই অপসারণ ও বদলির নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়েছেন। আদালতের অবস্থান আবেদন শোনার পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাটি দাখিল করার অনুমতি দিয়েছে। আদালত জানিয়েছে, আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হবে। উল্লেখ্য, কমিশনের এই ‘সক্রিয়তা’ নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে প্রতিবাদ জানিয়েছেন। এখন দেখার, আগামী সপ্তাহে হাইকোর্টের শুনানিতে কমিশন কী যুক্তি দেয়।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের আধিকারিকদের বদলির বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
Uttarbanga Sambad•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.