উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:ঝড়বৃষ্টির তাণ্ডবে এক ধাক্কায় বদলে গিয়েছে রাজ্যের আবহাওয়ার মেজাজ (Weather Update)। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাতের তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি এবং দিনের তাপমাত্রা ৩.৫ ডিগ্রির মতো কমেছে। ফলে অসহ্য গরম থেকে মিলেছে স্বস্তি। তবে এই স্বস্তি কেবল সাময়িক নয়, চলতি সপ্তাহে রাজ্যজুড়েই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি বেশ কিছু জেলায় রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টির প্রকোপ থাকবে কিছুটা বেশি। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। শুক্রবার সব জেলাতেই বৃষ্টি হবে। অতিভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবারও কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়িতে। বাকি জেলাগুলিতে রয়েছে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা। বজ্রপাত থেকে বাঁচতে এই সময় সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে সকলকে। দক্ষিণবঙ্গের আবহাওয়া বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়া জেলায়। বাতাসে জলীয় বাষ্পের কারণে কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। আগামীকাল থেকে বৃষ্টির দাপট বাড়বে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বজ্রবিদ্যুৎ ঝড়বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। শনিবারও এই জেলাগুলির পাশাপাশি কমলা সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। রবিবার পর্যন্ত পুরুলিয়া, বীরভূম ও নদিয়াসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে।
পশ্চিমবঙ্গের আবহাওয়ার হালনাগাদঃ তাপপ্রবাহ থেকে স্বস্তি, রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস
Uttarbanga Sambad•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.