Achira News Logo
Achira News

পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশন প্রথম সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করতে প্রস্তুত

Uttarbanga Sambad
পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশন প্রথম সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করতে প্রস্তুত
Full News
Share:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃবৃহস্পতিবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের(Supplementary Voter List)জল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা প্রকাশিত হয়নি। তবে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে আশা করা হচ্ছে, শুক্রবারই প্রথম অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করে দেওয়া হতে পারে। মূলত গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় যে ৬০ লক্ষেরও বেশি ভোটারের নাম ‘বিচারাধীন’ বা অ্যাডজুডিকেশন অবস্থায় ছিল, তাঁদের নথিপত্র যাচাইয়ের কাজ শেষ হলেই এই নতুন তালিকা সামনে আসবে। কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ২৫ লক্ষ ৩৪ হাজার বিচারাধীন ভোটারের নথি যাচাই প্রক্রিয়া শেষ হয়েছে। ৭ হাজারের বেশি বুথ থেকে নিষ্পত্তি হওয়া নামের তালিকা কমিশনের হাতে পৌঁছেছে। তবে বাকি বুথগুলির রিপোর্ট এখনও হাতে না আসায় বৃহস্পতিবার তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি। শুক্রবারের মধ্যে অবশিষ্ট তালিকা হাতে এলেই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবে কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গের এই বিশেষ যাচাই বা SIR (Special Inquiry Report) প্রক্রিয়ায় ৭০০-এর বেশি কর্মরত ও অবসরপ্রাপ্ত বিচারক যুক্ত রয়েছেন। প্রতিদিন প্রায় ২ লক্ষ করে নামের নিষ্পত্তি করছেন এই জুডিশিয়াল অফিসাররা। তবে এই কাজের স্পর্শকাতরতা বিচার করে বিচারকদের নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়ছে প্রশাসনের। নবান্ন ও কমিশনের তরফে সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার বা ডিএসপি-দের নির্দেশ দেওয়া হয়েছে যাতে বিচারকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়। উল্লেখ্য, এ বছর পশ্চিমবঙ্গে মাত্র দুই দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফার ভোট গ্রহণ ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। ভোটের এই নির্ঘণ্টের আগেই সমস্ত বিচারাধীন ভোটারের নাম চূড়ান্ত করতে চাইছে কমিশন। হাই কোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে নিয়োগ করা জুডিশিয়াল অফিসাররা যে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের ভাগ্য নির্ধারণ করছেন, তাঁদের নাম ধাপে ধাপে সাপ্লিমেন্টারি লিস্টের মাধ্যমে প্রকাশ করা হবে। এখন দেখার, শুক্রবার কতজন ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে কমিশন।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশন প্রথম সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করতে প্রস্তুত | Achira News