মহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলারদের আবার বিদ্রোহ। এইরকম ঘটনা আইএসএল ফুটবল চলাকালীনও দেখতে পাওয়া গিয়েছিল। তখন কর্মকর্তারা খেলোয়াড়দের বুঝিয়েছিলেন, অল্প কিছুদিনের মধ্যেই সমস্ত পাওনা মিটিয়ে দেওয়া হবে। কিন্তু সেই কথা রাখেননি কর্মাকর্তারা। গত রবিবার স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে খেলার পরে কোচ মেহেরাজউদ্দিন ওয়াডু খেলোয়াড়দের কয়েকদিনের জন্য বিশ্রাম দিয়েছিলেন। সেই মতো কেরল ব্লাস্টার্স ম্যাচে খেলতে নামার আগে শুক্রবার অনুশীলনে নামার কথা ছিল সাদা-কালো শিবিরের ফুটবলারদের। মাঠে অনুশীলনের জন্য কোচ মেহেরাজউদ্দিন ওয়াডু চলে এলেও, দেখতে পাওয়া গেল না মহিতোষ রায়, দীনেশ মিতেই ও হীরা মন্ডলদের। আসলে, দীর্ঘদিন ধরে খেলোয়াড়দের বেতন বকেয়া রয়েছে। দীর্ঘ এই অপেক্ষার পর ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে তাঁদের। বিষয়টি নিয়ে সাদা-কালো কোচ বলেন, ফুটবলাররা এখনও বেতন পাননি। কেউ তিন মাস, কেউ আবার পাঁচ-ছয় মাস ধরে বেতন পাননি। সেই তালিকা থেকে বাদ যাননি কোচ মেহেরাজ নিজেও। তা সত্ত্বেও, পেশাদারিত্বের তাগিদে শুক্রবার অনুশীলনে হাজির হয়েছিলেন তিনি ও বাকি সাপোর্ট স্টাফরা। প্রায় ঘন্টাখানেক খেলোয়াড়দের জন্য অপেক্ষা করতে দেখা যায় তাঁদের। কিন্তু, ফুটবলারদের অনুশীলন বয়কটের দিনে মাঠে দেখা গেল না কোনও ক্লাবকর্তাকে। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ফুটবলারদের পক্ষ থেকে ক্লাবের কাছে বেতন চাওয়া হয়েছিল। তখনই স্পষ্টভাবে জানানো হয়েছিল, বেতন না পেলে পরেরদিন থেকে তারা অনুশীলনে নামবেন না। এদিকে ক্লাবের এক কর্তা জানিয়েছেন, চেষ্টা করা হচ্ছে যাতে আগামী দু-তিনদিনের মধ্যে ফুটবলারদের কিছুটা বেতন মিটিয়ে দেওয়া যায়। এমনকি, বিদেশি ফুটবলাররা চুক্তিবদ্ধ অর্থ না পাওয়ায় ফিফার দ্বারস্থ হয়েছিলেন। যার ফলে, ট্রান্সফার ব্যানের কবলে পড়তে হয়েছিল সাদা-কালো ব্রিগেডকে। এই মুহূর্তে আইএসএল ফুটবলে মহামেডান স্পোর্টিং এখনও পর্যন্ত কোনও ম্যাচ জিততে পারেনি। তিনটি ম্যাচ ড্র করেছে তারা।
বেতন না পাওয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল খেলোয়াড়দের ধর্মঘটে যাওয়া
Dainik Statesman•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Dainik Statesman
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.