Achira News Logo
Achira News

বিধানসভা নির্বাচনের আগে উত্তর ও দক্ষিণ বাংলায় অস্থির আবহাওয়ার পূর্বাভাস

EI Samay
বিধানসভা নির্বাচনের আগে উত্তর ও দক্ষিণ বাংলায় অস্থির আবহাওয়ার পূর্বাভাস
Full News
Share:

এই সময়:বৃষ্টির সঙ্গী হয়ে আসবে প্রবল বজ্রপাত ও বিদ্যুচ্চমক। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ সাত থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত। অর্থাৎ ভারী বৃষ্টি এবং তারই সঙ্গে ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার গতিতে বয়ে যেতে চলেছে ঝোড়ো হাওয়া। বিধানসভা নির্বাচনের গণনার দিন উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া এমনটাই থাকতে চলেছে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ, রাজনৈতিক উত্তেজনার পারদে সঙ্গত করতে পুরোদস্তুর প্রস্তুত প্রকৃতিও।আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখাটি স্থান পরিবর্তন করে আপাতত পাঞ্জাব থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত হয়েছে। ওই অক্ষরেখাটি হরিয়ানা, পূর্ব মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ, বাংলাদেশ এবং দক্ষিণ অসমের উপর দিয়ে প্রসারিত হয়েছে। এর পাশাপাশি উত্তর-পূর্ব বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকার আকাশের উপরের স্তরের ঘূর্ণাবর্তটি এখনও আগের মতোই শক্তিশালী অবস্থায় বিদ্যমান। এই দুই ‘ওয়েদার সিস্টেম’–এর প্রভাবে অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে ক্রমাগত ঢুকে আসা জলীয় বাষ্প বাংলার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ–সহ ঝড়ের পরিবেশ তৈরিতে সাহায্য করছে। গত এক সপ্তাহ ধরে বাংলার জেলায় জেলায় এমন আবহাওয়াই দেখা যাচ্ছে।হাওয়া অফিস জানিয়েছে, আজ, সোমবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। উত্তর ২৪ পরগনা, হুগলি ও পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতেরও (৭–১১ সেমি) সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও, দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই ঘণ্টায় ৫০–৬০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেরও প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ ছাড়া মালদাতেও বজ্রবিদ্যুৎ–সহ ঝড়বৃষ্টি ও ঘণ্টায় ৫০–৬০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। এ দিন উত্তর ও দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে।কাল, মঙ্গলবারও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় ঘণ্টায় ৫০–৬০ কিমি পর্যন্ত গতিতে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও ঘণ্টায় ৪০–৫০ কিমি গতিতে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গেরও জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এ ছাড়া মালদা ও দক্ষিণ দিনাজপুরে ঘণ্টায় ৫০–৬০ কিমি গতিতে ঝোড়ো বাতাসের সম্ভাবনা খুব বেশি।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: EI Samay

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

বিধানসভা নির্বাচনের আগে উত্তর ও দক্ষিণ বাংলায় অস্থির আবহাওয়ার পূর্বাভাস | Achira News