Achira News Logo
Achira News

ভোটার তালিকা পুনর্বিবেচনার মামলায় সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজিরা নিয়ে বিতর্ক

EI Samay
ভোটার তালিকা পুনর্বিবেচনার মামলায় সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজিরা নিয়ে বিতর্ক
Full News
Share:

এই সময়, নয়াদিল্লি ও কলকাতা:গুঞ্জন ছিলই। তবে মঙ্গলবার সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি চলাকালীন আদালতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজ, বুধবার বাংলার ভোটার লিস্টে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (সার) নিয়ে মমতার দায়ের করা মামলাটির শুনানি নির্ধারিত রয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে। পাশাপাশি কবি জয় গোস্বামীর তরফে ‘সার’ নিয়ে অন্য যে মামলাটি দায়ের হয়েছিল, তারও শুনানি হওয়ার কথা রয়েছে আজ। ‘সার’ মামলার শুনানিতে আজ শীর্ষ আদালতে বাংলার মুখ্যমন্ত্রী হাজির হতে পারেন, এই জল্পনা জোরালো হলো। মমতা অবশ্য মুখ্যমন্ত্রী বা তৃণমূলনেত্রী হিসেবে নন, এক জন সাধারণ নাগরিক হিসেবেই এই মামলাটি দায়ের করেছেন।তবে তিনি যে হেতু মুখ্যমন্ত্রী হিসেবে জ়েড প্লাস নিরাপত্তা পান, তাই সুপ্রিম কোর্টে হাজির হতে হলে শীর্ষ আদালতের রেজিস্ট্রির কাছে আলাদা করে আবেদন জানাতে হতো। তৃণমূল সূত্রের খবর, সেই অনুমতি করা হয়েছিল এবং তা মিলে গিয়েছে।‘সার’ মামলায় তিনি নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন কি না, তা মঙ্গলবার দিল্লিতে বঙ্গভবনে সাংবাদিক বৈঠকে মমতা স্পষ্ট করেননি। তবে তাঁর নিরাপত্তা সংক্রান্ত অনুমতি মিলে যাওয়ায় আজ সিজেআই সূর্য কান্তের এজলাসে মুখ্যমন্ত্রীর হাজির হওয়ার সম্ভাবনা প্রবল বলেই মনে করা হচ্ছে।মমতা এর আগে বহু রাজনৈতিক মিটিংয়েই বলেছেন, তিনি আইনজীবী হিসেবে কালো কোট গায়ে দিয়ে বালুরঘাটের একটি মামলায় দাঁড়িয়েছিলেন। আইন পাশ করলেও অবশ্য সে ভাবে আইনজীবীর পেশায় তিনি থাকেননি। ‘সার’ নিয়ে যে ভাবে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে, তার প্রতিবাদে তিনি নিজে সুপ্রিম কোর্টে লড়বেন বলেও জানিয়েছিলেন। তিনি এ–ও বলেছিলেন, ‘দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে মানুষের হয়ে আবেদন জানাব, মানুষের হয়ে কথা বলব। আমি আইনজীবী। কিন্তু নাগরিক হিসেবে যাব। আমি আমার কথা বলতেই পারি।’ তবে এক জন মুখ্যমন্ত্রী নিজে শীর্ষ আদালতে শুনানিতে হাজির হলে তা ভারতীয় রাজনীতিতে বিরল ঘটনা হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।সূত্রের দাবি, ‘সার’–এ ক্ষতিগ্রস্ত বাংলার বাসিন্দাদের উদ্দেশে এ দিন মমতা বলেন, ‘বুধবার সুপ্রিম কোর্টে যাব ভেবেছি। তোমাদের সবার দুর্দশার কথা তুলে ধরব দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির কাছে। তোমাদের জন্য ন্যায়বিচার চাইব আমি। আশা করি তোমরা ন্যায়বিচার পাবে।’ মমতা ও জয় গোস্বামীর পাশাপাশি তৃণমূলের দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেনের দায়ের করা বাংলার ‘সার’ নিয়ে দু’টি মামলাও সুপ্রিম কোর্টে বিচারাধীন।১৯৯৪–এর ১০ ফেব্রুয়ারি বালুরঘাট জেলা আদালতে মমতা কালো কোর্ট গায়ে দিয়ে মামলা করেছিলেন। সেখানে জেলার বিশিষ্ট আইনজীবী শঙ্কর চক্রবর্তী, বিপ্লব মিত্র, সুভাষ চাকিরা উপস্থিত ছিলেন। এই মামলায় তিনি গ্রেপ্তার হওয়া ছাত্র-ছাত্রীদের জন্য সওয়াল করেছিলেন। আইনজ্ঞরা বলছেন, পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সদস্য হওয়ায় সুপ্রিম কোর্টেও কালো কোট গায়ে দিয়ে তাঁর সওয়াল করতে বাধা নেই। তবে শেষমেশ মমতা কী করবেন, তা নিয়ে তীব্র জল্পনা রাজধানীর রাজনৈতিক মহলে।যদিও এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি। সিপিএম-এর রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘আদালত একটা পাবলিক স্পেস। সেখানে যে কেউ যেতে পারেন। এতে কোনও বাহাদুরি নেই। আবেদনকারী হলে নিজের মামলা নিজে সওয়াল করতে পারেন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের সাংবিধানিক পদমর্যাদাকে এমন জায়গায় নামিয়ে নিয়ে যাচ্ছেন, এর পর আর সাংবিধানিক পদাধিকারীদের প্রতি মানুষের কোনও রকম শ্রদ্ধা থাকবেন না।’ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, ‘উনি কোথাকার আইনজীবী আমি জানি না। বুধবার সবাই নতুন ড্রামা দেখবে। নতুন উকিল দেখবে। এ সব করে কোনও লাভ হবে না। উনি চাইছেন, এসআইআর প্রক্রিয়া ঘেঁটে দিয়ে ২০২৪–এর লোকসভা ভোটের সময়কার ভোটার তালিকা দিয়ে এ বারের বিধানসভা ভোট করাতে। যেখানে মৃত ভোটারদের নামও থাকবে।’

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: EI Samay

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

ভোটার তালিকা পুনর্বিবেচনার মামলায় সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজিরা নিয়ে বিতর্ক | Achira News