উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:ক্যালেন্ডারের পাতায় এখন মার্চ মাস। বসন্ত বিদায় নিয়ে গরম পড়ার কথা থাকলেও, দিল্লির (Delhi Fog) আবহাওয়া দিচ্ছে উলটো সুর। শনিবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল গোটা রাজধানী। দৃশ্যমানতা এতটাই কম ছিল যে, চট করে বোঝার উপায় নেই এটি মার্চ নাকি ডিসেম্বরের হাড়কাঁপানো শীতের সকাল। আবহবিদদের মতে, গত ছয় বছরের মধ্যে মার্চের এই সময়ে এমন শীতলতম আবহাওয়া কার্যত বিরল। রেকর্ড পতন তাপমাত্রায় মৌসম ভবন জানিয়েছে, শনিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা ২১.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টি ও মেঘলা আকাশই এই পারদ পতনের প্রধান কারণ। মার্চ মাসে দিল্লিতে ইতিমধ্যেই ১৬.২ মিলিমিটার বৃষ্টিপাত নথিভুক্ত করা হয়েছে। কেন এই খামখেয়ালি আবহাওয়া? আবহবিদদের মতে, এই অস্বাভাবিক পরিস্থিতির নেপথ্যে রয়েছে শক্তিশালী ‘পশ্চিমি ঝঞ্ঝা’। সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে এই ঝঞ্ঝার দাপট দেখা যায়। কিন্তু এবার ছবিটা আলাদা। ভূমধ্যসাগর, কাস্পিয়ান সাগর এবং পারস্য উপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প আরব সাগর হয়ে ভারতের দিকে এগিয়ে আসায় বিশাল মেঘবলয়ের সৃষ্টি হয়েছে। আফগানিস্তান থেকে ভারত পর্যন্ত বিস্তৃত প্রায় ১০০০ কিলোমিটার দীর্ঘ এক নিম্নচাপ বলয় তৈরি হয়েছে, যা জলবায়ু পরিবর্তনেরই এক অশনি সংকেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরও বৃষ্টির পূর্বাভাস শনিবার সকালে বৃষ্টি না হলেও স্বস্তি নেই দিল্লিবাসীর। মৌসম ভবন সতর্ক (IMD Alert) করেছে যে, সোমবার থেকে ফের বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি (Rain) শুরু হতে পারে। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও রয়েছে। উত্তর ভারত জুড়ে আবহাওয়ার এই খামখেয়ালি রূপ কৃষিকাজেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্চ মাসে দিল্লিতে অসময়ের ঠান্ডার দাপট
Uttarbanga Sambad•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.