Achira News Logo
Achira News

মালদার কৃষক মনোতোষ রাজবংশী এআরসি প্রযুক্তির সাহায্যে আলু চাষে বিপ্লব ঘটিয়েছেন

Uttarbanga Sambad
মালদার কৃষক মনোতোষ রাজবংশী এআরসি প্রযুক্তির সাহায্যে আলু চাষে বিপ্লব ঘটিয়েছেন
Full News
Share:

সিদ্ধার্থশংকর সরকার, পুরাতন মালদা:উন্নতমানের আলুর বীজ উৎপাদনে সফল হয়েছেন মহিষবাথানির বাসিন্দা মনোতোষ রাজবংশী। এবার থেকে আলু চাষের জন্য মালদার (Malda) কৃষকদের আর পঞ্জাবের ওপর নির্ভর করতে হবে না। মনোতোষ নিজেও একজন কৃষক। তাঁর কঠোর পরিশ্রম আলু চাষের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। তাঁর তৈরি এই আলুর বীজে একদিকে যেমন ভালো ফলন হবে, তেমনি অন্যদিকে আলু উত্পাদনের খরচ বহুলাংশে কমিয়ে দেবে। তবে এই সাফাল্য একদিনে আসেনি, এর জন্য প্রায় তিন বছর সময় লেগেছে। মনোতোষ যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এই কাজটি করেছেন তাকে এপিকাল রুটেড কাটিং (এআরসি) বলে। তিনি জানান, ২০২২ সাল থেকে এই অত্যাধুনিক এআরসি প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছিলেন। তিনি নিজের ফার্মে জ্যোতি, হিমালিনী সহ প্রায় ২৬ প্রকার আলুর বীজ উৎপাদন করেছেন। প্রত্যেকটি বীজ বেশ উন্নতমানের এবং রোগমুক্ত। অত্যন্ত আধুনিক এই পদ্ধতির মাধ্যমে তিনি ইতিমধ্যে প্রায় ৫০০ প্যাকেট আলুর বীজ তৈরি করে ফেলেছেন। এর মধ্যে প্রায় ৩০০ প্যাকেট বীজ কৃষকদের মধ্যে বিক্রি করা হয়ে গিয়েছে। মনোতোষ বলেন, ‘আমি বাইরে এই রুটেড কাটিং নিয়ে অনেক কাজ হতে দেখেছি। সেখানে দেখে উদ্যোগ নিয়েছিলাম। অবশেষে প্রায় তিন বছর পর সফলতা পেয়েছি। কঠোর পরিশ্রম ও পর্যবেক্ষণের পর এই বীজ তৈরি করতে পেরেছি। আশা করছি, এই বীজ রোপণ করলে কৃষকরা বাজারে প্রচলিত বীজের তুলনায় ভালো ফলন পাবেন।’ কীভাবে এই বিশেষ প্রকৃতির বীজ তৈরি হয় সেই প্রশ্নে তিনি জানান, এই এআরসি পদ্ধতি একটি দীর্ঘ প্রক্রিয়া। প্রথমে ল্যাবরেটরি থেকে অত্যন্ত যত্নসহকারে মাল্টি কাটিং করে রোগমুক্ত আলুর চারা তৈরি করা হয়। এরপর সেই চারাগুলিকে ভাইরাসমুক্ত পরিবেশে তৈরি নেট হাউসে রাখা হয়। এরপর আলুর বীজ তৈরি করা হয়। এই পর্যায়ক্রমিক প্রক্রিয়ায় বীজের গুণগত মান আরও ভালো হয়। মনোতোষের এই উদ্যোগকে জেলা কৃষি দপ্তর স্বাগত জানিয়েছে। মালদার কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর বিদ্যুৎকুমার বর্মন বলেন, ‘এপিকাল রুটেড কাটিং পদ্ধতিতে যে বীজ তৈরি হচ্ছে, সেই বীজে কৃষকদের অনেক উপকার হবে। কৃষকরা কম দামে স্থানীয় বাজারে ভালো বীজ পাবেন।’

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

মালদার কৃষক মনোতোষ রাজবংশী এআরসি প্রযুক্তির সাহায্যে আলু চাষে বিপ্লব ঘটিয়েছেন | Achira News