অনুপ মণ্ডল, বুনিয়াদপুর:জরিমানায় ভোলবদল! স্টেশন (Buniadpur Station) চত্বর পরিষ্কার রাখার জন্য বিস্তর নিষেধাজ্ঞা, সচেতনতায় জোর দিয়েছিল রেল। কিন্তু অসচেতন যাত্রীরা তা কার্যত তোয়াক্কাই করেন না। যত্রতত্র পান ও গুটখার পিক ফেলা, ট্রেনের অপেক্ষায় থেকে সিগারেটের সুখটানকে তাঁরা অভ্যাসে পরিণত করে নিয়েছিলেন। তাতে এবার বাদ সেধেছে আরপিএফের জরিমানা। আর তাতেই পালটে গিয়েছে বুনিয়াদপুর রেলস্টেশনের পরিবেশটা। এনএসজি-৫ ক্যাটিগোরিতে থাকা স্টেশনটি এখন পরিচ্ছন্নতার দিক থেকে টেক্কা দিচ্ছে অনেক স্টেশনকেই। আরপিএফ সূত্রে খবর, গত পাঁচ মাসে এই সংক্রান্ত জরিমানা থেকে আদায় হয়েছে প্রায় চার লক্ষ টাকা। বুনিয়াদপুর আরপিএফ পোস্ট কমান্ডার কৃষ্ণেন্দু দাস বলছেন, স্টেশন চত্বরে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। যাত্রী বা দর্শনার্থী, নিয়ম ভাঙলে কারও ছাড় নেই।’ স্টেশন পরিসর নোংরা করলে পাঁচশো টাকা, ধূমপান করলে দুশো টাকা- নানা ক্ষেত্রে এমন জরিমানার অঙ্ক লেখা রয়েছে স্টেশন চত্বরে। স্টেশনের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে এমন বোর্ড থাকায় তা যাত্রীদের নজরে পড়া স্বাভাবিক। কিন্তু নজরে পড়লেও ‘কিছু হবে না’ সিদ্ধান্ত নিয়ে অধিকাংশ যাত্রী নিজেদের কাজটি সেরে ফেলতেন এতদিন। কিন্তু এখন নিয়ম ভাঙার ক্ষেত্রে জরিমানার অঙ্ক গুনতে হওয়ায় সতর্ক প্রায় প্রত্যেকেই। আরপিএফ আধিকারিকদের বক্তব্য, জরিমানায় জোর দেওয়ার পর থেকেই যাত্রীরা অতিমাত্রায় সতর্ক ও সচেতন হয়েছেন। স্টেশনের প্রবেশপথ, বুকিং কাউন্টার, প্ল্যাটফর্ম, ফুটওভার ব্রিজে নজরদারি চলছে এক কিলোমিটার জায়গাজুড়ে। সিসিটিভি পর্যবেক্ষণের পাশাপাশি আরপিএফ কর্মীরা নিয়মিত টহল দিচ্ছেন। মাঝে মাঝে নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোনও। কমান্ডার কৃষ্ণেন্দু বলছেন, ‘স্টেশন ও সংলগ্ন এলাকা শুধু যাত্রীদের যাতায়াতের জায়গা নয়, জনপরিসরও। একে পরিষ্কার রাখা সকলের দায়িত্ব। আমরা শুধু আইন প্রয়োগ করছি না, সচেতনতা বাড়ানোর চেষ্টাও করছি।’ স্থানীয় বাসিন্দা নীলাঞ্জন মণ্ডল মনে করেন, ‘কড়াকড়ির ফলে পরিবেশের উন্নতি হয়েছে।’ তবে জরিমানার আগে আরও বেশি প্রচার ও সচেতনতার প্রয়োজন ছিল বলে মনে করেন অনেকে। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, গত পাঁচ মাসে ধূমপান, পানের পিক ফেলা এবং নোংরা করার অপরাধে জরিমানা বাবদ যে অর্থ আদায় হয়েছে, তার ধারেকাছে নেই গত কয়েক বছরের এই সংক্রান্ত আদায়কৃত টাকা। এক আধিকারিক বলছেন, জরিমানা আদায়ে আরও জোর দেওয়া হবে।
যাত্রী সচেতনতা অভিযানের মধ্যে বুনিয়াদপুর রেল স্টেশন পরিষ্কার-পরিচ্ছন্নতার উন্নতি দেখছে
Uttarbanga Sambad•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.