রামপ্রসাদ মোদক, রাজগঞ্জ:আনন্দে লাফাচ্ছিল অষ্টম শ্রেণির ছাত্রী ঊর্মি দেবনাথ। জিজ্ঞাসা করতে ঊর্মি বলে, ‘বাবাদের ভণ্ডামি ধরে ফেলেছি। বাড়ি গিয়ে মাকেও এই ভণ্ডামির কারবারের হাতেকলমে প্রমাণ দেব। কিছুদিন আগে আমাদের বাড়িতে এক সাধুবাবা আসেন। মাকে বলেন, তিনি নাকি অলৌকিক ক্ষমতার অধিকারী। ক্ষমতা দেখাতে গিয়ে মাটির মতো কিছুটা জিনিস নিয়ে কাগজের সঙ্গে ঘষে আগুন জ্বালিয়ে দেখান তিনি। এরপর আমার মা সেই সাধুর ক্ষমতা দেখে তাজ্জব হয়ে গিয়ে পারলে তাঁর পুজো করেন! কিন্তু তাঁর অলৌকিক ক্ষমতার রহস্য কী, জানতে পেরে আমি আনন্দে আত্মহারা।’ ঊর্মি বলে, ‘স্যররা দেখিয়ে দিয়েছেন বাজারের পটাশিয়াম সার কাগজের টুকরোয় গ্লিসারিন মাখিয়ে ঘষলেই আগুন জ্বলে উঠছে। আজকে জানতে পারলাম, এতে কোনও অলৌকিক কিছু নেই, সবটা বিজ্ঞান।’ অষ্টম শ্রেণির ছাত্র দেবজিৎ দাস বলে, ‘একটি গ্লাসে জল নিয়ে তার উপরে পোস্ট কার্ড রেখে উলটে দিলে এক ফোঁটাও জল পড়ছে না। এই পরীক্ষা নিজে হাতে করে দেখতে পেয়ে খুব আনন্দ হচ্ছে। আজ বায়ুর চাপ সম্পর্কে বুঝতে পারলাম।’ শুক্রবার রাজগঞ্জের সারিয়াম যশোধর হাইস্কুলে ‘এসো মজার ছলে বিজ্ঞান শিখি’ নামের শিবিরের আয়োজন করে, পড়ুয়াদের হাতেকলমে বিজ্ঞান শিক্ষা দেয় ‘বিজ্ঞান দরবার কলকাতা’ এবং ‘সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব জলপাইগুড়ি’। কলকাতার বিজ্ঞান দরবারের প্রাক্তন সম্পাদক জয়দেব দে বলেন, ‘হাতেকলমে পড়ুয়াদের বিজ্ঞান শিক্ষা দেওয়ায় বিজ্ঞানের প্রতি ওদের আগ্রহ অনেক বাড়ে। যেমন একটি বেলুনকে একটি কাপের মধ্যে দিয়ে ফুলিয়ে দিতে পারলে কাপটি বেলুনের গায়ে লেগে থাকবে। এটা হল ঘর্ষণ বল।’ জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচারের সম্পাদক ডঃ রাজা রাউত বলেন, ‘বর্তমানে পড়াশোনার পাঠক্রমে, বিশেষ করে বিজ্ঞানের ক্ষেত্রে পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের হাতেকলমে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু সমস্যা হল, হাতেকলমে শিক্ষা দেওয়ার মতো পরিকাঠামো গ্রামীণ স্কুলগুলোয় নেই। সেইজন্যই নো কস্ট এবং লো কস্ট কিছু সামগ্রী নিয়ে বিদ্যালয়গুলিতে বিজ্ঞান শিক্ষা দেওয়ায় উদ্দেশ্যেই আজ এই শিবিরের আয়োজন।’ এই প্রসঙ্গে সারিয়াম যশোধর হাইস্কুলের শিক্ষক সুবীর সরকার বলেন, ‘দুটি সংস্থাকেই ধন্যবাদ। তাঁরা আমাদের মতো গ্রামীণ এলাকার স্কুলে এসে ছাত্রছাত্রীদের শেখালেন বিজ্ঞানের খুঁটিনাটি।’
রাজগঞ্জ-এর রামপ্রসাদ মোদক-এ অলৌকিক দাবির পিছনে বিজ্ঞানের সন্ধান পেলেন পড়ুয়ারা
Uttarbanga Sambad•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.