বৃহস্পতিবার লোক ভবনে রাজ্যের নতুন মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়াল ও স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষের সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল আর এন রবি। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম কোনও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তাঁর আনুষ্ঠানিক সাক্ষাৎ বলে জানা গিয়েছে। নবান্ন সূত্রের খবর, প্রায় আধ ঘণ্টা ধরে এই বৈঠক চলে, যেখানে রাজ্যের বর্তমান প্রশাসনিক ও আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সূত্র অনুযায়ী, ১২ মার্চ শপথ নেওয়ার পর এটাই ছিল রাজ্যপালের প্রথম প্রশাসনিক বৈঠক। উল্লেখ্য, রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার দিনই নির্বাচন কমিশন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব পদে বদল আনে। সেই অনুযায়ী দুষ্মন্ত নারিওয়াল ও সংঘমিত্রা ঘোষকে নতুন দায়িত্ব দেওয়া হয়। এই প্রেক্ষাপটে রাজ্যের পরিস্থিতি, বিশেষত ভোটপর্বে প্রশাসনিক প্রস্তুতি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে তাঁদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট নেন রাজ্যপাল। লোক ভবন সূত্রে আরও জানা গিয়েছে, এখনও রাজ্যপালের দপ্তর পুরোপুরি প্রস্তুত হয়নি। সচিব নিয়োগের প্রক্রিয়া চলছে। তবে দপ্তর সম্পূর্ণ গুছিয়ে ওঠার আগেই তিনি সক্রিয়ভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করেছেন। বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর নেওয়ার উদ্যোগও নিয়েছেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই নির্বাচন কমিশন নবান্নের শীর্ষস্তরে গুরুত্বপূর্ণ রদবদল করে। পূর্বতন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং নির্বাচন সংক্রান্ত কাজ থেকে বিরত রাখা হয়। এরই মধ্যে মীনাকে অন্য রাজ্যে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয়েছে। এই সমস্ত পরিবর্তনের পর নতুন প্রশাসনিক দলের সঙ্গে রাজ্যপালের এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রাজ্যপাল আর এন রবি শীর্ষ আধিকারিকদের সঙ্গে প্রথম প্রশাসনিক বৈঠক করেছেন
Dainik Statesman•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Dainik Statesman
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.