বিজেপির দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় নাম রয়েছে রুপা গাঙ্গুলির৷ সোনারপুর দক্ষিণ থেকে বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী রূপা গাঙ্গুলি৷ আজকাল ডট ইন কে অভিনেত্রী জানালেন, তিনি সদ্যই জানতে পেরেছেন বিজেপির প্রার্থীতালিকায় সোনারপুর দক্ষিণ থেকে তাঁকে মনোনীত করা হয়েছে৷ ২০২৬ এর বিধানসভা নির্বাচনে তাঁর নির্বাচনী কৌশল ঠিক কী, এই প্রশ্নের জবাবে রূপা বলেন, "নির্বাচনী কৌশল ইত্যাদি ঠিক বুঝি না৷ জেতাটাও আমার কাছে মনে হয় যেন একটা দায়িত্ব। প্রার্থী হওয়াটাও একটা দায়িত্ব৷ আমি সেই দায়িত্বটুকু পালন করব৷ মানুষের কাছে যাব৷ " এই সময় পশ্চিমবঙ্গে নারীসুরক্ষা নিয়ে নানা কথা নানা অভিযোগ উঠে আসছে৷ এই বিষয় রূপার অভিমত এবং আগামী পদক্ষেপ কী হতে পারে, জানতে চেয়েছিল আজকাল ডট ইন। রূপা বলেন, "পশ্চিমবঙ্গে বেঁচে থাকাটাই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷ শুধু নারী কেন? আজকে পুরুষরাই কি সুরক্ষিত? যে কোনও পার্টির হোক, মতের অমিল হলে তাকে কুপিয়ে কাটতে হচ্ছে? রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে৷ বিরোধিতা হবে, ঝগড়া হবে, কিন্তু সেই বিবাদ এমন জায়গায় পৌঁছোবে যে তাকে হাত পা কেটে ফেলতে হবে! এটা কি কোনও সভ্য সমাজে হতে পারে? এতে কি বিজেপির মানুষ খুশি হয়ে যাবে তৃণমূলের লোক মারা গেছে ভেবে নাকি সিপিএম আনন্দ পাবে যে একটা ভোট কমল, কোনটা? এই রাজনৈতিক সংঘর্ষ থেকে মানুষ মুক্তি চায়, মানুষ শান্তিতে বাঁচতে চায়, আমি সেই বার্তাই মানুষকে দেব।" জেতার বিষয় রূপা গাঙ্গুলি কতটা আশাবাদী? এই প্রশ্নের জবাবে অভিনেত্রীর সংযোজন, মানুষ যা চাইবে তাই হবে৷ মানুষ আমাকে বহু বছর দেখেছে৷ বহু আন্দোলন বহু ঘটনা, সোনারপুর, রাজপুর অঞ্চলে আমি একসময় থাকতাম। আমি ওখানের ভোটার ছিলাম একসময়৷ আমার বাবা মা বহু বছর আছেন৷ আমরা তো উদ্বাস্তু তাই আমি রোজগার করার পরে বাবা মাকে একটা থাকার জায়গা তো করে দিতে হবে৷ মা চেয়েছিলেন একটু ফাঁকা জায়গা যেখানে গাছ লাগাতে পারবেন৷ সেজন্য সোনারুপুর রাজপুরে বাড়ি কিনেছিলাম৷ আমি কাজের সুবিধার জন্য টালিগঞ্জে পরবর্তীকালে এলেও আমার ওই অঞ্চলে নিয়মিত যাতায়াত ছিল। তাই মানুষ আমাকে যেমন মেয়ে হিসাবে দেখেছেন, তেমনি ওখানের বাসিন্দা, ওই অঞ্চলের ভোটার সব ভাবেই দেখেছেন৷ তাই মানুষের উপর সবটা নির্ভর করছে৷ "রূপা গাঙ্গুলি ২০১৫ সালে ভারতীয় জনতা পার্টি (BJP)-তে যোগ দেন। সেই সময় পশ্চিমবঙ্গে দলটি নিজেদের ভিত্তি শক্ত করার চেষ্টা করছিল, এবং জনপ্রিয় মুখ হিসেবে রূপাকে সামনে আনা হয়।২০১৬ সালে রূপা গাঙ্গুলি রাজ্যসভা-র সদস্য হিসেবে মনোনীত হন। তিনি পশ্চিমবঙ্গ BJP-র অন্যতম পরিচিত মহিলা মুখ। ২০২৬ এর বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটের আবহে রূপা গাঙ্গুলির প্রার্থী হওয়া শাসক-বিরোধী শিবিরে কতটা প্রভাব ফেলবে সেটাই দেখার অপেক্ষা৷
সোনারপুর দক্ষিণ থেকে বিজেপি প্রার্থী হিসাবে মনোনীত রূপা গাঙ্গুলি, পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষার উপর জোর দিয়েছেন
AajKaal News•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: AajKaal News
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.