Achira News Logo
Achira News
E
EI Samay
Mar 19, 2026, 07:02 AM
ভারতীয় হাসপাতাল 10 বছর বয়সী ভুটানি শিশুর সফল পেকটাস এক্সকাভাটাম সার্জারি করেছে

ভারতীয় হাসপাতাল 10 বছর বয়সী ভুটানি শিশুর সফল পেকটাস এক্সকাভাটাম সার্জারি করেছে

এই সময়:বুকে জন্মগত গঠনগত ত্রুটি সংশোধনে নতুন দিশা দেখাল আরএন টেগোর হাসপাতাল। চিকিৎসকদের দাবি, তাঁরা ‘পেক্টাস আপ’ পদ্ধতিতে ভুটানের এক ১০ বছরের শিশুর অস্ত্রোপচার করে নজির গড়েছেন। উত্তর ও পূর্ব ভারতে এই প্রযুক্তিতে এমন সাফল্য প্রথম।শিশুটি জন্ম থেকেই ‘পেক্টাস এক্সক্যাভাটাম’ নামের সমস্যায় ভুগছিল। এতে বুকের মাঝের হাড় বা স্টার্নাম ভিতরের দিকে ঢুকে যায়। ফলে বুক বসে গিয়েছে দেখায়। শুরুতে এটি কেবল বাহ্যিক সমস্যা মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট, বুকের অস্বস্তি এবং শারীরিক সক্ষমতা কমে যাওয়ার মতো জটিলতা দেখা দিতে পারে। প্রভাব পড়ার আশঙ্কা থাকে হৃদযন্ত্র ও ফুসফুসের উপরেও।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিশুটিকে প্রথমে পরীক্ষা করেন কার্ডিয়োথোরাসিক ভাস্কুলার সার্জারির বিশেষজ্ঞ চিকিৎসক মনুজেশ বন্দ্যোপাধ্যায়। তিনি রোগ শনাক্ত করার পরে চেস্ট এক্স–রে, সিটি স্ক্যান, ইকোকার্ডিয়োগ্রাফি এবং পালমোনারি ফাংশন টেস্টের মাধ্যমে রোগের মাত্রা নির্ধারণ করা হয়। সাধারণত এই সমস্যায় ‘নাস প্রসিডিয়োর’–এর মাধ্যমে বুকের ভিতরে ধাতব বার বসিয়ে স্টার্নাম তোলা হয়। কিন্তু এ ক্ষেত্রে চিকিৎসকরা সেই পদ্ধতি এড়িয়ে উন্নত ‘পেক্টাস আপ প্রসিডিয়োর’ বেছে নেন। এই পদ্ধতিতে বুকের ভিতরে না ঢুকে বাইরে থেকেই টাইটানিয়াম ইমপ্লান্ট বসিয়ে স্টার্নামকে সঠিক অবস্থানে তোলা হয়। ফলে অভ্যন্তরীণ ঝুঁকি কমে, ব্যথাও তুলনামূলক কম হয় এবং রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে।ঘণ্টা দুয়েকের অস্ত্রোপচার সম্প্রতি নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। অপারেশনের এক ঘণ্টার মধ্যেই শিশুটি আইসিইউ–তে নড়াচড়া শুরু করে এবং পাঁচ দিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। এই অস্ত্রোপচারে ব্যবহৃত ‘কাস্টমাইজ়ড’ ইমপ্লান্টটি তৈরি করিয়ে স্পেন থেকে আনানো হয়। খরচ বহনে সহায়তা করে ভুটান সরকার। হাসপাতাল কর্তৃপক্ষের মতে, এই সাফল্যের ফলে উন্নত মানের এই ধরনের অস্ত্রোপচার এখন দেশেই সম্ভব হবে, বিদেশে যাওয়ার প্রয়োজন অনেক ক্ষেত্রেই থাকবে না।
18 shares
😢